ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ন্যাটো সদস্য দেশগুলোর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রও মিত্র দেশগুলোর প্রতি একই ধরনের অবস্থান নিতে পারে।
সোমবার (২২ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ন্যাটোর পেছনে বিপুল অর্থ ব্যয় করেছে। কিন্তু এখন সহযোগিতা চাওয়ার সময় অনেক মিত্র দেশ সাড়া দিচ্ছে না।
তিনি বলেন, 'আমরা এত অর্থ ব্যয় করেছি। এখন যখন আমরা কিছু বিষয়ে সহায়তা চাইছি, তারা না বলছে। তাই আমরাও হয়তো তাদের সাহায্য করব না।'
ন্যাটোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেও আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কের রাজধানী আংকারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে ৩২ সদস্যের জোটের অন্যান্য নেতাদের সঙ্গে যোগ দেবেন তিনি।
এদিকে সম্মেলনকে সামনে রেখে তুরস্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাজধানী আংকারা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আইএসসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫৬ জন আইএসের সন্দেহভাজন সদস্য এবং ৩৫ জন নিষিদ্ধ উগ্র বামপন্থী সংগঠন ডিএইচকেপি-সি’র সঙ্গে জড়িত। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ রয়েছে।
ন্যাটো শীর্ষ সম্মেলনকে ঘিরে তুরস্ক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিক্ষোভ সীমিত করা, গুরুত্বপূর্ণ সড়কে চলাচল নিয়ন্ত্রণ এবং সম্মেলনস্থল ও প্রতিনিধিদলগুলোর আবাসন এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা।