প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩জুন) বেলা ১১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১এ উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করছি। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, সরকারের ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ প্রকল্পের অংশ হিসেবে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টি এবং এ দুটির মধ্য দিয়ে মোট ৬ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা নেয়া হয়েছে।