মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজার জেলায় সফর করবেন। তার সফর উপলক্ষে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিতব্য জনসভার প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল পক্ষ সমন্বিতভাবে কাজ করছে। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমান ও মো. মুজিবুর রহমান চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার যাবেন। তার আগমনকে সামনে রেখে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক, সিলেট-মৌলভীবাজার সড়কের দু’পাশের ঝোপ পরিষ্কার করা হয়েছে। জেলার সার্কিট হাউজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। জেলা শহর ও শ্রীমঙ্গল শহরকে ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন করা হয়েছে। যে পথে প্রধানমন্ত্রী আসা-যাওয়া করবেন এসব পথের চারপাশ পরিষ্কার ও মেরামত করা হয়েছে। সমাবেশস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত