দলের বিরুদ্ধে গোপন বৈঠক ও বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের মতো দলের আট শীর্ষ নেতা ও বিধায়কদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (কালীঘাট তৃণমূল) থেকে বহিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিমসহ এই আটজন সিনিয়র নেতা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, ‘আসল’ তৃণমূলের কমিটিতেও অনেকেই রয়েছেন। অরূপ রায়কে এই নতুন কমিটির চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয়।
এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের একটি বড় অংশ মমতার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী হয়ে উঠলেও তার সাথে ছিলেন ফিরহাদ ও অরূপ রায়। এবার তাদেরই গুরুত্বপূর্ণ পদ দিয়ে নিজের দিকে টেনে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এরআগে সোমবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ‘আসল তৃণমূল’ দলের চেয়ারম্যান হিসেবে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে নির্বাচিত করা হয়। বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বৈঠকের নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।