২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শুরুর দুই ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শুরু করার পর আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে নকআউটের টিকিট কাটে আলবিসেলেস্তেরা। এদিকে গ্রুপ পর্বে দিনের আরেক ম্যাচে জর্ডানকে ২-১ ব্যবধান হারিয়েছে আলজেরিয়া। আর এতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাচ্ছে মেসিরা এবং নির্ধারণ হয়েছে রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার ম্যাচের দিনক্ষণ।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের শেষ বত্রিশের ম্যাচটি খেলতে নামবে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, যা বর্তমানে এই ফুটবল মহাতারকার ক্লাব ফুটবলের (ইন্টার মায়ামি) শহর।
গ্রুপ পর্বে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে আর্জেন্টিনা। আলজেরিয়া বা অস্ট্রিয়ার সামনে এখনো ৬ পয়েন্ট ছোঁয়ার সুযোগ থাকলেও হেড-টু-হেড বা মুখোমুখি লড়াইয়ের সমীকরণে লিওনেল স্কালোনির দলই গ্রুপের শীর্ষস্থান ধরে রাখবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা, যেখানে হ্যাটট্রিক করে জয়ের নায়ক ছিলেন ৩৮ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও তাঁর জোড়া গোলেই নিশ্চিত হয় নকআউট পর্ব। আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা জর্ডানের মুখোমুখি হবে তারা।
গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশের মঞ্চে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল। এই গ্রুপটিতে লড়াই করছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরবের মতো দলগুলো।
বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কারণে ফ্লোরিডার এই শহরটি এখন মেসির বড্ড চেনা। আর চেনা সেই মাঠেই আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ষোলোতে ওঠার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নেরা।