কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য সৃষ্টি এবং মাদক ও অনলাইন জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দলীয় অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছর বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে—এ বিষয়ে তারা কোনো বাধা দিচ্ছেন না।

তারা আরও বলেন, এই উদারতাকে যদি দুর্বলতা হিসেবে নেওয়া হয় এবং নিষিদ্ধ ফ্যাসিস্টরা যদি ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাহলে বিএনপি আর ছাড় দেবে না। বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চলছে। পাশাপাশি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটনের অপচেষ্টাও করা হচ্ছে।

এছাড়া ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এসব অপতৎপরতা চালানো হলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর দাঁতভাঙা জবাব দেবে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন— ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, শাহজাহান জয়পুরী, শরীফ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আল-আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ রিজনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।