ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৯ সদস্যের এই নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সসভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯ সদস্যের এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় (স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত), ডিএমপি, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং 'ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট'-এর প্রকল্প পরিচালক।
সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিব।
টাস্কফোর্সের মূল কার্যপরিধিতে বলা হয়েছে, জাতীয় কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান; ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা; মাঠ পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করা এবং বাস্তবায়নে কোনো সীমাবদ্ধতা থাকলে তা নিরসনে কার্যকর ভূমিকা রাখা।