ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ আটক ২

ফেনীতে দূরপাল্লার বাসে যাত্রীবেশে মাদক পাচারের সময় ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক রোডের সামনে সোমবার (২২ জুন) সন্ধ্যায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

আটককৃতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম মুটুয়া ফুলজান পাড়া গ্রামের মৃত ইয়াছিনের ছেলে মো. নুরুল আলম জানু (৪৫), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মো. আবদুল হাকিম হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার (৫৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ছাগলনাইয়া থানার জিরো পয়েন্ট এলাকা থেকে ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাসে করে কতিপয় মাদক কারবারি গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

র‌্যাবের একটি দল বিসিক রোডের সামনে পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। বাসটি নির্দিষ্ট স্থানে পৌঁছালে সেটি থামিয়ে সন্দেহভাজন এই দুই যাত্রীকে আটক করা হয়। তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগ ও ট্রলিব্যাগ তল্লাশি করে সুকৌশলে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছিল। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।