মেক্সিকোর সঙ্গী কে?

বিশ্বকাপের ‘এ’ গ্রুপের লড়াইয়ে একই সময়ে মাঠে নামবে চার দলই। মেক্সিকো সিটিতে মুখোমুখি হবে মেক্সিকো ও চেক প্রজাতন্ত্র, মনতেরেতে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরা হওয়া নিশ্চিত করে রেখেছে সহ-আয়োজক মেক্সিকো। বাকি তিন দলের জন্য এখনো নকআউট পর্বের দরজা খোলা আছে। দুই ম্যাচ শেষে মেক্সিকোর সংগ্রহ পূর্ণ ৬ পয়েন্ট। দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ১ পয়েন্ট করে। ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি ১২ গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও পরের পর্বের টিকিট পাবে। এ জন্য শেষ ম্যাচের ফলাফল তিন দলের ভাগ্যই বদলে দিতে পারে।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নামার আগে বেশ আত্মবিশ্বাসী মেক্সিকো। আগের দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। তিনটি গোল করলেও এখনো কোনো প্রতিপক্ষ তাদের জালে বল জড়াতে পারেনি। এমন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ায় বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে চেক প্রজাতন্ত্রকে। তাদের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হার এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ ড্র করে বিদায়ের শঙ্কায় আছেন পাত্রিক শিকরা। এর আগে বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয় ১৯৬২ সালে, ওই ম্যাচে চেকোসেøাভাকিয়া ১-০ ব্যবধানে জয় পায়।

গ্রুপের অন্য ম্যাচেও পূর্ণ ৩ পয়েন্টের খোঁজে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। সন হিউং-মিনরা ৩ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছেন। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা এশিয়ার দলটি দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারে। এই ম্যাচে হেরে গেলে বা পয়েন্ট হারালে জটিল সমীকরণের মধ্যে পড়তে হবে তাদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একমাত্র পয়েন্টটি পেয়েছে চেকদের বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টি থেকে গোল করে। বর্তমান সমীকরণে দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকলেও কোচ হং মিয়ং-বো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। বাফানা বাফানাদের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, দুই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা ও থেম্বা জোয়ানকে পাচ্ছে না তারা। নিষেধাজ্ঞার কারণে দুজনই খেলতে পারবেন না। তবু প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে দলটি।

মেক্সিকো ইতিমধ্যে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হওয়া নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া জিতলে সরাসরি রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠবে। ড্র করলেও ৪ পয়েন্ট নিয়ে তাদের সম্ভাবনা উজ্জ্বল থাকবে। এদিকে চেক প্রজাতন্ত্রের জন্য মেক্সিকোর বিপক্ষে জয় সবচেয়ে নিরাপদ পথ। ড্র করলে তাদের পয়েন্ট হবে ২, তখন সেরা তৃতীয় স্থানধারী দলের তালিকার দিকে তাকিয়ে থাকতে হবে।