গোলের নেশায় ছুটছেন তারা

আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:৪৬ এএম

গোলের খেলা ফুটবল! বিশ্বকাপের মঞ্চে তো আরও বেশি, গোলই যেখানে শেষ কথা। গোলেই নায়ক তৈরি হয়, গোলেই লেখা হয় ইতিহাস। ২০২৬ বিশ্বকাপের শুরুতেই সেই ইতিহাস রচনার প্রতিযোগিতা জমে উঠেছে দারুণভাবে। মাত্র দুই ম্যাচ শেষে গোল্ডেন বুটের লড়াই যেমন তুঙ্গে, তেমনি একের পর এক রেকর্ডও হুমকির মুখে। সবচেয়ে আলোচনায় আছেন লিওনেল মেসি। দুই ম্যাচেই ঝড় তুলে পাঁচ গোল করে আর্জেন্টাইন সুপারস্টার শুধু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে ওঠেননি, এবারের আসরের গোল্ডেন বুটের দৌড়েও সবার থেকে এগিয়ে আছেন। তার পেছনে চার গোল নিয়ে ধাওয়া করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হালান্ড। স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামালও ইতিহাস গড়া গোল পেয়েছেন। খাতা খুলেছেন উসমান দেম্বেলেও। সব মিলিয়ে আসরের শুরুতেই গোলের নেশায় আচ্ছন্ন তারকারা।

বিশ্বকাপের শুরুতেই আলোচনার কেন্দ্রে মেসি। আজ ৩৯ ছাড়িয়ে ৪০-এ পা দিলেও তার গোল করার ক্ষুধা যেন একদম তরুণদের মতো। দুই ম্যাচে পাঁচ গোল করে বুঝিয়ে দিয়েছেন, এখনো তার ধার একটুও কমেনি। তবে মেসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন এমবাপ্পে। ২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরাসি তারকা এবারও দুর্দান্ত ছন্দে আছেন। দুই ম্যাচে চার গোল করে তিনি প্রমাণ করেছেন, গত বিশ্বকাপের পারফরম্যান্স কোনো দুর্ঘটনা ছিল না। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্রুত ওপরের দিকে উঠে আসছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, যদি ফ্রান্স সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবেন এমবাপ্পেই। অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই নিজের জাত চেনাচ্ছেন নরওয়ের গোলমেশিন হালান্ড। দুই ম্যাচে চার গোল করে তিনিও গোল্ডেন বুটের দাবিদারদের কাতারে আছেন। ক্লাব ফুটবলের দুর্দান্ত ছন্দ বিশ্বকাপেও টেনে এনেছেন হালান্ড।

যত গোলের সংখ্যা বাড়ছে, ততই ভারী হচ্ছে রেকর্ডের খাতা। সে ধারায় বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয়বারের মতো দুই ম্যাচ শেষেই তিনজন খেলোয়াড় চার বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন। সর্বশেষ এমন ঘটনা দেখা যায় ১৯৫৪ সালের গোলবন্যার বিশ্বকাপে। গোলের এমন অবিশ্বাস্য প্রতিযোগিতা নিয়ে ফরাসি ফুটবল বিশ্লেষক জুলিয়েন লরেন্স বিবিসি স্পোর্টসকে বলেছেন, ‘বড় তারকাদের তাড়নাটাই আলাদা। তারা সবসময় বল নিজেদের পায়ে রাখিতে চায়। তারা শুধু গোল্ডেন বুটের পেছনেই ছুটছে না, বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ডও ভাঙতে নেমেছেন।’ মেসি, এমবাপ্পে ও হালান্ডই শুধু গোলের নেশায় ছুটছেন না, তিনটি করে গোল করে তাঁদের ঠিক পেছনেই আছেন জার্মানির ডেনিজ উনদাভ ও কানাডার জোনাথন ডেভিড। তবে তারকাদের মধ্যে গতকাল রাতের ম্যাচের আগে নিজের ছায়া হয়ে ছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।  ব্রাজিলের নেইমার জুনিয়র তো চোটের কারণে এখনো মাঠেই নামতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত