ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে নান্টু কুমার সাহা (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করেন।
আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আব্দুল আহাদ জানান, বহির্বিভাগ থেকে অহেতুক ঘোরাঘুরির সময় ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি কোথায় ডিউটি করেন এবং তার চিকিৎসক হিসেবে কোনো কাগজপত্র আছে কি না, জানতে চাইলে ভুয়া কিছু ডকুমেন্টস দেখান। কিন্তু তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় পরিচালক মুচলেকা নিয়ে তাকে মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ভুয়া চিকিৎসকের কাছ থেকে একটি মুচলেকা নিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। থানা পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।