ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল চত্বরে গাছ থেকে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল ওরফে উজ্জ্বল (৩৮) নামে এক মালীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় ছিয়াকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মী সুনীল চৌহান জানান, সকালে ছিয়াকুল টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশের সাহায্যে একটি কাঁঠাল পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই কাঁঠাল ছিটকে তার মাথার ওপর পড়ে। এতে তিনি পাকা মেঝেতে মুখ থুবড়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। নিহত ছিয়াকুল নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে।