ধর্ষণের দায়ে চট্টগ্রামে একজনের যাবজ্জীবন

ফুচকা খাওয়ানোর কথা বলে ১৭ বছর বয়সী কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এসএম জিল্লুর রহমান এ রায় দেন। দন্ডিত ব্যক্তির নাম ফজলুল করিম। ২০২২ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আকবর আলী বলেন, ‘আসামি ফজলুল করিমের বিরুদ্ধে ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত। একই ঘটনায় অপর একটি ধারায় আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড, ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছে। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ অক্টোবর ফুচকা খাওয়ানোর কথা বলে অপহরণ করে ওই কিশোরীকে ধর্ষণ করেন ফজলুল করিম। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। আদালতে অভিযোগপত্র দেওয়ার পর ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।