গোয়েন্দা পুলিশের ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি সদর জোনের ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করে একই দিন বেলা ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নিহত মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মির্জা এসকেন্দারের ছেলে। তিনি ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ছিলেন। ডিবির ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম জানান, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, গত ২০ জুন বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ ইশতিয়াককে আটক করে। পরিবারের সদস্যদের অভিযোগ, গ্রেপ্তারের সময় মায়ের সামনেই ইশতিয়াককে মারধর করা হয়। স্বজনরা পরের দিন ২১ জুন সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইশতিয়াকের মৃত্যুর খবর পান।

এ ঘটনার প্রতিবাদে গত সোমবার ইশতিয়াকের জানাজার আগে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা ৪০ মিনিটের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মৃত ইশতিয়াকের পরিবারের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

এদিকে মধুখালী ঈদগাহ ময়দানে ইশতিয়াকের জানাজার আগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদসহ স্থানীয় তিন বিএনপি নেতা বক্তব্য দেন। বিএনপি নেতারা এ ঘটনাকে ‘হত্যাকা-’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।