হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৯ জন এবং হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ১৩৫ জন। গত ১৫ মার্চ থেকে অর্থাৎ ১০১ দিনে হামজনিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬ হাজার ৬১ জন। মৃত্যু হয়েছে ৬৮৬ জনের। এর মধ্যে হামে ৯৩ এবং উপসর্গ নিয়ে ৫৯৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯৪ হাজার ৭৬৪ জন। হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৭১৬ জন। ছাড়পত্র পেয়েছে ৭৪ হাজার ৯৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে। আর ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪৫৩ জন। এর মধ্যে ৭৬ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।