শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও বনানীতে তার বাড়ির সামনে সারারাত বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে। এরপর আজ বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের অভিযোগ ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা করেননি।
পরে রাতভর অভিযান ও অবস্থানের পর ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে রাখা হয়েছে। শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।