ঝড়-বজ্রপাতে পশ্চিমবঙ্গ লণ্ডভণ্ড, নিহত ১৩

প্রবল ঝড় ও বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বজ্রাঘাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। একই সঙ্গে ঘূর্ণিঝড়-সদৃশ বাতাসে কলকাতা শহরসহ বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে।
 
সোমবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় তীব্র গরম অনুভূত হলেও দুপুরের পর হঠাৎ আকাশ কালো হয়ে যায়। এরপর শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত। কয়েক ঘণ্টার এই দুর্যোগে রাজধানী কলকাতার বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপড়ে পড়ে অসংখ্য গাছ, ভেঙে পড়ে বিদ্যুতের তার, ব্যাহত হয় যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা।

মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, পুরুলিয়া ও উত্তর ২৪ পরগনা থেকে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে।

ঝড়ের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কলকাতা পৌর কর্তৃপক্ষ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার এবং কিছু জেলায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

পাহাড়ি জেলাগুলোতে ভারী থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ঝড় অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় খোলা মাঠ, গাছের নিচে ও জলাশয়ের পাশে অবস্থান না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।