ইরানের পরমাণু স্থাপনায় নজরদারি নিশ্চিত

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা শিগগিরই পরিদর্শন চালাবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ইরানের সব পারমাণবিক কার্যক্রম আইএইএর তত্ত্বাবধানে থাকবে।

বুধবার জাপানের ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনের সময় সাংবাদিকদের গ্রোসি বলেন, 'দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, পারমাণবিক উপাদান ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সব কার্যক্রম আইএইএর নজরদারির আওতায় থাকবে।'

তিনি আরও বলেন, 'এ কাজের জন্য অবশ্যই পরিদর্শন প্রয়োজন। এটি দুই দিন পরে হবে, এক সপ্তাহ পরে হবে নাকি ১০ দিন পরে হবে,সেটি গুরুত্বপূর্ণ হলেও মূল বিষয় নয়। পরিদর্শন হবেই।'

সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা দেয়। তবে গ্রোসির মন্তব্যকে এ বিষয়ে আইএইএর সবচেয়ে স্পষ্ট অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনা। সেই প্রক্রিয়া যাচাই এবং চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে আইএইএর পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে দেশটি বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ দীর্ঘদিনের।