মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে ফ্রান্সে ফিরলেন দেশম

২০২৬ বিশ্বকাপে টানা দুই জয়ে নকআউটের আনন্দ উদযাপনের মাঝেই বড় এক ধাক্কা খেল ফ্রান্স দল। মায়ের আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে জরুরি ভিত্তিতে দেশে ফিরে গেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। মঙ্গলবার সকালে এই বেদনাদায়ক খবর পাওয়ার পর ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) অনুমতি নিয়ে দ্রুতই ফ্রান্সের বিমান ধরেন ৫৭ বছর বয়সী এই কোচ।

ইতিমধ্যেই সেনেগাল ও ইরাককে হারিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করে ফেলা ফ্রান্স আগামী শুক্রবার বোস্টনে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে। তবে ডাগআউটে প্রিয় গুরুকে ছাড়াই মাঠে নামতে হবে কিলিয়ান এমবাপ্পেরর দলকে।

দেশম ফিরে না আসা পর্যন্ত সহকারী কোচ গায় স্টিফেন সাময়িকভাবে দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন। ফেডারেশন থেকে দেশমের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, “এই অত্যন্ত বেদনাদায়ক সময়ে আমরা আমাদের প্রধান কোচের পাশে আছি এবং তাঁর মানসিক শক্তির প্রার্থনা করছি।”

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ী দেশম ২০১২ সালে ফ্রান্সের কোচের দায়িত্ব নেন। তাঁর ১৪ বছরের দীর্ঘ মেয়াদে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জয় করে এবং ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে হারে। আগেই ঘোষণা দিয়েছিলেন, এই বিশ্বকাপ শেষেই তিনি ফরাসি কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। বিদায়ের এই শেষ মঞ্চে এসে এমন আকস্মিক পারিবারিক ক্ষতিতে স্তব্ধ পুরো দল। দেশম কবে নাগাদ আবার যুক্তরাষ্ট্রে দলের সাথে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত করেনি ফেডারেশন। তবে কোচের এই কঠিন সময়ে তাঁর জন্য একটি জয় উপহার দিতেই মাঠে নামবে এমবাপ্পে-দেম্বেলেরা।