নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সমর্থিত প্রার্থীরা ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি আসনে জয় পেয়েছেন। এতে দলটির ভেতরে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক (ডেমোক্রেটিক সোশ্যালিস্ট) ধারার প্রভাব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মামদানির সমর্থন পাওয়া সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেছেন। একইভাবে ক্লেয়ার ভ্যালদেজ ও দারিয়ালিজা আভিলা শেভালিয়েরও নিজ নিজ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিজয়ী হয়েছেন। বিশেষ করে পাঁচবারের কংগ্রেস সদস্য ও কংগ্রেশনাল হিস্পানিক ককাসের চেয়ারম্যান আদ্রিয়ানো এসপাইয়াতের পরাজয়কে বড় রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
২০২৫ সালের মেয়র নির্বাচনে অপ্রত্যাশিত জয়ের পর ৩৪ বছর বয়সী মামদানি এখন নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করছেন। এর আগে ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসেও সমাজতান্ত্রিক ঘরানার প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাবেক সিনেটর বার্নি স্যান্ডার্সের রাজনৈতিক ধারার প্রভাব এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রগতিশীল ভোটারদের ক্ষোভ এই প্রবণতাকে আরও শক্তিশালী করেছে। গাজা যুদ্ধে ডেমোক্র্যাটদের অবস্থান নিয়েও দলের ভেতরে অসন্তোষ রয়েছে।
তবে ডেমোক্র্যাটিক পার্টির মধ্যপন্থি নেতারা সতর্ক করে বলেছেন, নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বাস্তবতাকে পুরো দেশের ভোটারদের মনোভাব হিসেবে ধরে নেওয়া ভুল হবে। তাদের আশঙ্কা, অতিরিক্ত বামঘেঁষা অবস্থান আগামী কংগ্রেস নির্বাচন ও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলকে চাপে ফেলতে পারে।