মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পূর্ব পাকিস্তান আন্দোলন ও অখণ্ড বাংলার ধারণার ব্যর্থতার প্রেক্ষাপট থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। তবে তার দাবি, দলটির প্রতিষ্ঠাকালীন আদর্শ ও রাজনৈতিক অবস্থান পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

মাহফুজ আলম উল্লেখ করেন, পুরান ঢাকার ১৫০ মোগলটুলী ছিল আওয়ামী মুসলিম লীগ গঠনের প্রস্তুতিমূলক বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। দল প্রতিষ্ঠার পর এটিই ছিল সংগঠনটির প্রথম অস্থায়ী কার্যালয়।

পোস্টে তিনি লিখেছেন, পূর্ব পাকিস্তান আন্দোলন ও অখণ্ড বাংলার রাজনৈতিক চিন্তাধারা থেকেই আওয়ামী মুসলিম লীগের উত্থান এবং ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। তার মতে, ওই সময়ের কয়েকজন তাত্ত্বিক বাঙালি জাতীয়তাবাদের বৌদ্ধিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ প্রসঙ্গে তিনি অর্থনীতিবিদ মোহাম্মদ আব্দুস সাদেকের নাম উল্লেখ করেন।

মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী, আব্দুস সাদেক ১৯৪৭ সালের আগেই একটি স্বতন্ত্র পূর্ব পাকিস্তান বা অখণ্ড বাংলার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি ‘দুই অর্থনীতি’ ধারণা তুলে ধরেন, যা পরে ছয় দফা আন্দোলনের অর্থনৈতিক ভিত্তি হিসেবে আলোচিত হয়।

তিনি আরও দাবি করেন, স্বাধীনতার আগে আওয়ামী লীগ অখণ্ড ভারত ও অখণ্ড পাকিস্তান-উভয় রাজনৈতিক ধারণার বিরোধী অবস্থানে ছিল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে, পরবর্তী সময়ে দলটির রাজনৈতিক চরিত্র ও আদর্শিক অবস্থানে পরিবর্তন এসেছে।

পোস্টে মাহফুজ আলম ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে ‘বাংলাদেশ’ নাম ঘোষণার বিষয়টিও স্মরণ করেন। তার মতে, প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন ও বর্তমান অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, দলটি গণতন্ত্র, অর্থনৈতিক স্বাতন্ত্র্য এবং সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্নে প্রতিষ্ঠাকালীন আদর্শ থেকে সরে এসেছে। তিনি দাবি করেন, এ কারণেই জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে।