ঈশ্বরগঞ্জে হাসপাতালের দুই দালালকে কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ৫০ শয্যার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই নারী সদস্যকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পৌর শহরের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিহারী গ্রামের দিল রুবা সুলতানা (২৫) ও সোহাগি ইউনিয়নের ভালুকবেড় গ্রামের পপি আক্তার (২২)।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, সরকারি আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারক চক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই আদেশ অমান্য করে দুই নারীসহ একটি চক্র ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় ছিলেন। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাতেনাতে  দুই নারী দালালকে আটক করা হয়। একই সঙ্গে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ প্রতারক চক্র এবং দালালদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।