বাঁশখালীতে মাদক সেবন-বিক্রির দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:২৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবনসহ মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকায় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করার পাশাপাশি একাধিকবার সতর্ক করলেও তারা মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখেন।

বুধবার স্থানীয় জনগণ দুই যুবককে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটক করে বিষয়টি বাঁশখালী উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযোগ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। ভিডিও স্বীকারোক্তি, স্থানীয়দের সাক্ষ্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দিন (৩২)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোজাফফর আহমদের ছেলে মো. সরোয়ার আলম (৩৫)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত