সিরাজগঞ্জে ডা. বাকি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

দীর্ঘ ১৫ বছর পর সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) ও সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডাক্তার বাকি মির্জাকে হাত ও পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়।

মামলার চার্জশিটে ডা. বাকি মির্জার সঙ্গে আসামি রুহুল আমিন বাবুর স্ত্রী এশার পরকীয়া সম্পর্কই খুনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আসামি রুহুল আমীন বাবুর মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন। মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফ হাইকোর্টে রিভিশন আবেদন করায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। রিভিশন নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচার কাজ পুনরায় শুরু হবে।