জাগুয়ারের বাজি জিতবে ব্রাজিল, তবে আছে সংশয়ও

নকআউটের জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বিশ্বকাপে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ। মাঠের সেই লড়াইয়ের আগে এবার আগে নতুন এক ভবিষ্যদ্বক্তা প্রাণীর আগমন ঘটেছে ফুটবল বিশ্বে। যার করা ভবিষ্যৎবাণী যদি ভুলও হয় হলে তবে কেউ হয়তো তাকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবেন না! ব্রাজিলের রিও ডি জেনেরিওর ‘বায়োপার্ক’-এ থাকা 'পটি' নামের একটি কালো জাগুয়ার এবার বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচ নিয়ে নিজের রায় জানিয়ে দিয়েছে।

মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে কেন্দ্র করে গত সোমবার পার্কের বাসিন্দা ও ফুটবল ভক্তদের উপস্থিতিতে এক মজার ভবিষ্যৎবাণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পটির সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নাম ও প্রতীক সংবলিত দুটি বক্স রাখা হয়েছিল। কালো জাগুয়ারটি দুটি বক্সেরই গন্ধ শোঁকে এবং বেশ আত্মবিশ্বাসের সাথেই ব্রাজিলের বক্সটি বেছে নেয়। তবে সিদ্ধান্ত নেওয়ার পর সে আরও একবার স্কটল্যান্ডের বক্সটি পরীক্ষা করতে ফিরে আসে, যাকে হেলাফেলা করতে নারাজ পটির চিকিৎসকেরা।

সেই বায়োপার্কের জীববিজ্ঞানী কাইও ডি সুজা সিলভা বলেন, “ব্রাজিলের বক্স বেছে নিলেও স্কটল্যান্ডের বক্সের দিকে পটির ফিরে তাকানো ইঙ্গিত করে ম্যাচটি সেলেসাওদের জন্য মোটেও সহজ হবে না। হয়তো এটি একটি জটিল ও শারীরিক শক্তির ম্যাচ হতে যাচ্ছে। আশা করি ব্রাজিল কোনো গোল হজম করবে না, তবে মাঠের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।” 

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘গ্রুপ সি’-এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা স্কটল্যান্ডের সামনেও রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ। গ্রুপের অন্য ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে এখনো কোনো পয়েন্ট না পাওয়া হাইতি। পটির এই ভবিষ্যৎবাণী মাঠের লড়াইয়ে কতটা সত্যি প্রমাণিত হয়, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।