মাদারীপুরের রাজৈরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৪ জুন) দুপুরে মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ প্রাপ্ত নাফিজ মোল্লা (২২) উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোরে নবম শ্রেণির শিক্ষার্থী (১৫) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণ করে নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে নাফিজ। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামি নাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। চার্জশিট দেওয়ার পর ৩ বছরের মাথায় আসামি নাফিজকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসে কারাদণ্ড রায় ঘোষণা করে তাকে কারাগারে পাঠান আদালত।
মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, এই রায়ে মামলার বাদী ন্যায় বিচার পেয়েছেন। তারা এ রায়ে সন্তুষ্ট হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষও সন্তুষ্ট হয়েছি।