আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় আবারও ইবোলার প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো ইউরোপের দেশ ফ্যান্সে এই ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক; তিনি সম্প্রতি গণপ্রজান্ত্রী কঙ্গো থেকে ফিরেছেন। বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে মন্ত্রণালয় নির্দিষ্ট করে জানায় যে, আক্রান্ত ব্যক্তি ফ্রান্সের মূল ভূখণ্ডেই শনাক্ত হয়েছেন।
ইবোলা একটি মারাত্মক এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। ডিআরসির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। ভাইরাসটি মানব দেহে ২ থেকে ২১ দিন পর্যন্ত সুপ্তি থাকতে পারে। স্বাস্থ্য কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাদুর্ভাব পুরো অঞ্চলের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করেছে। তবে ডব্লিউএইচও এটিকে মহামারী ঘোষণা থেকে বিরত থেকেছে। সংস্থাটি বলেছে, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না হওয়ায় এটি মহামারী হিসেবে ঘোষণা করা হয়নি। ইতোমধ্যে ডিআর কঙ্গোয় ইবোলার নতুন ধরণে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে; এর মধ্যে ২৫৪ জনের মৃত্যু হয়েছে।