বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ইপিজেডসমূহে কর্মরত শ্রমিকদের জন্য একটি স্থায়ী ও টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) প্রতিষ্ঠার লক্ষ্যে ইতালির তুরিনে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্রে (আইটিসি) সম্প্রতি একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে অংশীজনরা একটি যৌথ বিবৃতি গ্রহণ করেন, যেখানে ২০২৭ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ, স্বনির্ভর ও স্থায়ী ইআইএস-বেপজা প্রতিষ্ঠার বিষয়ে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
কর্মশালায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস ও শিল্প সম্পর্ক) মো. নাজমুল ইসলাম ভূঁইয়া, আদমজী ইপিজেডের রেমি হোল্ডিংস লিমিটেড ও বিজিএমইএয়ের সাব কমিটি চেয়ারম্যান মিরান আলীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।