২৩ জুন পর্যন্ত রেমিট্যান্সে ১৭.৮% প্রবৃদ্ধি

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:২৬ এএম

চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম ১১ মাস ২৩ দিনে দেশে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮ শতাংশ বেশি।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ২৩ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। ফলে মাসভিত্তিক হিসাবে জুনের ২৩ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এদিকে শুধু ২৩ জুন এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

ব্যাংকাররা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং সরকারের দেওয়া প্রণোদনার ইতিবাচক প্রভাব রেমিট্যান্স প্রবাহে প্রতিফলিত হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের আমদানি ব্যয় মেটানো ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী আয়। চলতি অর্থবছরের শেষ সপ্তাহে এসে রেমিট্যান্সের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত