নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন

শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়।

পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। একই মামলার আরও তিন আসামিও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বনানী ডি-ব্লকের একটি বাসায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বুধবার সকাল ৭টার দিকে সাজেদুলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, সাজেদুলের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।