প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন

মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করা হবে

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে। গতকাল বুধবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় সদ্য প্রত্যাহারকৃত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।’