৬০০ ধাপ এগিয়েছে ঢাবি

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা-বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গতকাল বুধবার প্রকাশিত এ র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করেছে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০১-১৫০০ ব্যান্ডে অবস্থান করলেও এবার ৪০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়। এ বছর র‌্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। এ বারের র‌্যাংকিংয়ে বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। এর মধ্যে নো পোভার্টি (এসডিজি)-তে ৩০১-৪০০, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং (এসডিজি) এ ৪০১-৬০০, কোয়ালিটি এডুকেশন (এসডিজি)-এ ৩০১-৪০০, জেন্ডার ইক্যুয়ালিটি (এসডিজি)-তে ৬০১-৮০০, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ (এসডিজি)-এ ২০১-৩০০, রিডিউসড ইনইক্যুয়ালিটিস (এসডিজি)-এ ৪০১-৬০০, সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ (এসডিজি) -এ ১০১-২০০, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস (এসডিজি) -এ বিশ্বের মধ্যে ২৪তম স্থান এবং পার্টনারশিপস ফর দ্য গোলস (এসডিজি)-এ ১০১-২০০ ব্যান্ডে অবস্থানে রয়েছে।