ঢাকা জেলা দক্ষিণ

ঘুষকান্ডে ক্লোজড সেই ওসি এবার ডিবির দায়িত্বে!

নারায়ণগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ডিবির চার কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এ ঘটনায় সম্প্রতি ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি সুমনকে প্রত্যাহার করা হয়। তার জায়গায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন রেজাউল করিম। তবে রেজাউল করিমকেও গত বছর দোহার থানা থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছিল। চাঁদাবাজির ঘটনায় ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি প্রত্যাহারের পর আরেক বিতর্কিত পুলিশ অফিসারকে এখানে নিয়োগ দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ডিবির চার কর্মকর্তাকে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনসাধারণ। নারায়ণগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এই ঘটনায় ডিবির ওসি সুমনকে প্রত্যাহার করা হয়। তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় রেজাউল করিমকে। তবে গত বছর দোহার থানায়ও অপরাধী আটক করে ছেড়ে দেওয়ার ঘটনায় রেজাউলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছিল।