দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৯৬ জন এবং হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ৯২ জন। গত ১৫ মার্চ থেকে অর্থাৎ ১০২ দিনে হামজনিত রোগী দাঁড়িয়েছে এক লাখ ৭ হাজার ১৫০ জনে। মৃত্যু হয়েছে ৬৮৯ জনের। এর মধ্যে হামে ৯৩ ও উপসর্গে ৫৯৬ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯৫ হাজার ৭৬০ জন। হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯০ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪৩৩ জন। এর মধ্যে ৭২ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।