তীব্র তাপদাহে জ্বলছে ইতালি, প্রাণ গেল ৫ জনের

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালি। অসহনীয় এই গরমের প্রভাবে দেশটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহান্তের মধ্যে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে।

সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে গরমজনিত অসুস্থতায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, পিয়াচেঞ্জা প্রদেশের একটি আঙুরখেতে কাজ করার সময় ৬১ বছর বয়সী এক কৃষক মারা গেছেন। এছাড়াও গারলাসকো এলাকার ৫৬ বছর বয়সী এক ব্যক্তি, নেপলসের এক গৃহহীন মানুষ এবং পাদোভার এক শ্রমিক তীব্র গরমে প্রাণ হারিয়েছেন। এর আগে লোদি এলাকায় মাঠে কাজ করার সময় ৫৭ বছর বয়সী আরও এক ব্যক্তি মারা যান।

তীব্র গরমের প্রভাব পড়েছে ইতালির পর্যটন ও নাগরিক সেবায়। ফ্লোরেন্সের বিখ্যাত উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি জরুরি বৈঠক ডেকেছেন। বিশেষ করে প্রবীণ, শিশু এবং বাইরে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

তীব্র তাপের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামো এলাকায় শত শত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কিছু কিছু এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা উষ্ণ বায়ুপ্রবাহের কারণে ইতালিতে এই চরম গরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি রাতেও গরমের তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না, যা জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি মোকাবিলায় কর্তৃপক্ষ আরও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।