২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ব্রাজিলের জয়ের নায়ক এখন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৪ গোল করে টুর্নার্মেন্টের অন্যতম শীর্ষ স্কোরার তিনি। তবে আমেরিকায় ভিনির এই অতিমানবীয় পারফরম্যান্স আনন্দ দেওয়ার পাশাপাশি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদের জন্য। আর এই বিষয়টিই সামনে এনেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক 'এএস'।
রিয়াল মাদ্রিদের সাথে এই ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুলাই পর্যন্ত। অর্থাৎ, চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। এখনো চুক্তি নবায়ন না হওয়ায় ভিনির এই চোখধাঁধানো ফর্ম মাদ্রিদ কর্তৃপক্ষের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে।
'এএস' তাদের প্রধান শিরোনামে লিখেছে, রিয়াল মাদ্রিদ এখন একটি "মধুর সমস্যার" মুখোমুখি এবং ভিনির এই অবিশ্বাস্য রূপকে তারা কোনোভাবেই হাতছাড়া করতে পারে না। প্রতিবেদনে বলা হয়:
"৩ ম্যাচে ভিনিসিয়ুসের ৪ গোল পরিষ্কার প্রমাণ করে যে, আমরা এই ফরোয়ার্ডের ক্যারিয়ারের সেরা ফর্ম প্রত্যক্ষ করছি। এমনকি আমি বলব, এটি কয়েক বছর আগে তার দেখানো স্তরের চেয়েও অনেক উঁচুতে। উত্তর আমেরিকায় সে গোল করার যে তীব্র ক্ষুধা দেখাচ্ছে, তা এর আগে কখনো দেখা যায়নি।"
স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গোল অবদানের (গোল ও অ্যাসিস্ট) তালিকায় কিংবদন্তি রোমারিও এবং রোনালদিনহোকে ছাড়িয়ে গেছেন ভিনিসিয়ুস। সেই সাথে অষ্টম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়লেন তিনি।
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক গুরু কার্লো আনচেলত্তিও ম্যাচ শেষে ভিনির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন, "সে এখন দুর্দান্ত কন্ডিশনে রয়েছে।"
তবে চুক্তি নবায়ন নিয়ে রিয়াল মাদ্রিদ কিছুটা স্বস্তিতে থাকতে পারে খোদ ভিনির ইচ্ছার কারণে। গত এপ্রিলেই এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস তার মাদ্রিদে থাকার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, "আমরা (আমি ও ক্লাব) কী চাই, তা আমাদের জানা আছে।" এখন দেখার বিষয়, বিশ্বকাপ শেষেই স্প্যানিশ জায়ান্টরা এই বিশ্বসেরা তারকাকে ধরে রাখতে কত দ্রুত নতুন চুক্তির প্রস্তাব সম্পন্ন করে।