পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. শাহীন হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবার চালান বহনের অভিযোগে মো. শাহীন হাওলাদারকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।