ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে হরিনাকুন্ডু  উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল একই উপজেলার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম ওই দিনই হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা করে। পরকিয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে  ২০১৮ সালের ৬ জুন  আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত আজ দুপুরে ৩ জনের যাবজ্জীবন ও ২ জনের বেকসুর খালাস প্রদান করেন।

মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতের স্ত্রী মোছাঃ ফিরোজা খাতুন, মো. আলমগীর হোসেন ও মো. বিল্লাল হোসেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মো. ফারুক হোসেন ও মো. মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।