অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমে সতর্ক করল ইরান

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ইরানের অনুমোদন ছাড়া প্রণালিটি অতিক্রম করা 'অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক'।

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান আলোচনায় হরমুজ প্রণালির ভবিষ্যৎ অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান এই নৌপথটি সাম্প্রতিক যুদ্ধের সময় ইরান অবরুদ্ধ করেছিল।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, 'হরমুজ প্রণালি অতিক্রমের একমাত্র অনুমোদিত পথ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষিত রুট।' অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করা হয়। 

এছাড়া 'কিছু কর্তৃপক্ষ' ঘোষিত নতুন নৌপথেরও সমালোচনা করেছে বাহিনীটি। যদিও কারও নাম উল্লেখ করা হয়নি, তবে এটি ওমানের ঘোষিত একটি অস্থায়ী নৌপথের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

ওমান কর্তৃপক্ষ সম্প্রতি একটি বিকল্প রুটের মানচিত্র প্রকাশ করেছে, যা দেশটির উপকূলঘেঁষে গেছে। তাদের দাবি, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সমন্বয়ে এ রুট নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ইরান অনুমোদিত পথটি দেশটির উপকূলসংলগ্ন একটি করিডোরের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। 

বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সংকীর্ণতম স্থানে প্রণালিটির প্রস্থ মাত্র ৩০ কিলোমিটার।

গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে আগামী ৬০ দিনের জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে বিনা খরচে হরমুজ প্রণালি ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই সময়সীমা শেষ হওয়ার পর কী ব্যবস্থা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।