মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৯০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) মাদারীপুর জেলা পুলিশের মাদকবিরোধী চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে।
প্রথম অভিযানে বিকেল ৫টার দিকে সদর উপজেলার কলাবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে হান্নান মাতুব্বরের বাড়ির রাস্তার মাথা থেকে মো. আনিসুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে দুপুর ১টা ৫০ মিনিটে মাদারীপুর পৌরসভার গোলাম মওলা সড়কের নিউ টাউন এলাকায় ডোনাভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. হুমায়ুন সরদার ওরফে সাধু (৪১), সঞ্জয় দাস (৩২) এবং মো. শাহীন খান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন (মোট ওজন ১ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু নাঈম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’
তিনি আরও বলেন, ‘মাদারীপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।