মাদারীপুরে আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, পুলিশ কনস্টেবল নিহত

এ ঘটনায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য ও চার পথচারী আহত হয়েছেন।

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মঠেরবাজার এলাকায় গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে ফেরার পথে পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য ও চার পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম আব্দুস সালাম (৫১)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশিগ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। আব্দুস সালাম মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারি মামলার চার আসামি—রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশের পিকআপে শিবচর থানার দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা।

পথিমধ্যে পিকআপটি মাদারীপুর-শরীয়তপুর সড়কের খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি শিশু রাস্তা দিয়ে দৌড়ে পার হওয়ার চেষ্টা করে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক পিকআপটির নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা পুলিশ কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য ও চার পথচারী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসামিদের নিয়ে ফেরার পথে একটি শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আমাদের এক সদস্য নিহত হয়েছেন।’

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত