শেরপুর

সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে ৩৯ বিজিবি। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কর্ণঝোড়া বিওপির টহলদল উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকী গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। আটককৃতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, মো. সাজু, মো. আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি হয়েছিল। বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে এসে পৌঁছান। পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন।

সূত্র জানায়, বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে তাদের ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে হারিয়াকোনা জঙ্গল থেকে তাদের আটক করে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’