অস্ত্র লুটের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

চায়না প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লাইসেন্সধারি ব্যক্তিদের চারটি অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ছিনতাইকারী প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি। 

মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১)।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন সংঘটিত পৃথক চারটি ঘটনায় কয়েকজন লাইসেন্সধারী অস্ত্রধারীকে চায়না কোম্পানির  গানম্যান হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে তাদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জ এলাকায় ফেলে রেখে সঙ্গে থাকা লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলাসহ মোট চারটি মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত