আজ ১০ মহররম পবিত্র আশুরা। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিনটি দেশে দেশে পালিত হয়। দেশেও আশুরা পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
আরবি ভাষায় ‘আশারা’ শব্দের অর্থ হলো দশ, আর আশুরা বলতে বোঝায় দশম দিন। মহররম শব্দের অর্থ সম্মানিত বা মর্যাদাপূর্ণ। হিজরি ৬১ সনের ১০ মহররমে সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে অবিচল অবস্থান নিতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালা প্রান্তরে, ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। এই ঘটনা ইসলামের ইতিহাসে আত্মত্যাগ, সত্যনিষ্ঠা ও ন্যায়ের সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা বহু তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের চরম আত্মত্যাগ আশুরাকে দিয়েছে এক অনন্য মর্যাদা ও গভীর মানবিক আবেদন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মদান মানবজাতির ইতিহাসে চির জাগরুক হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে কারবালার মর্মন্তুদ ঘটনায় শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এই শোকাবহ দিনে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রতি বছরের মতো এবারও ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। হোসেনী দালান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। এবারও তাজিয়া মিছিল ঘিরো আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নির্দেশনা দিয়েছে।
আশুরার সব থেকে বড় আয়োজন হয়, কারবালা শহরে, যা ইরাকের মধ্যাঞ্চলে অবস্থিত। এটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর হিসেবে পরিচিত।