গণপিটুনিতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদ থেকে মুসল্লির মোবাইল চুরির জেরে চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। তার নাম মো. শাহাদাত হোসেন (২৭)। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক শাহাদাত ওই গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন ওই গ্রামের ওসমান গনির বাড়ির মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসা এক মুসল্লির পকেট থেকে মোবাইল ফোন সেট খোয়া যায়। এতে তাৎক্ষণিক মুসল্লিরা হাতেনাতে যুবক শাহাদাতকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসে। এ সময় উত্তেজিত গ্রামবাসী আটক ওই যুবককে এলেপাতাড়ি পেটালে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে যুবকের মরদেহ রাস্তার ওপর পড়ে থাকে। মত্তগ্রামের বাসিন্দা মিন্টু তালুকদার বলেন, মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লির মোবাইল চুরি হলে ওই যুবককে আটক করে গ্রামবাসী পিটুনি দেয়। এতে সেখানেই সে মারা যায়। তা ছাড়া যুবক শাহাদাতের বিরুদ্ধে বেশ কয়েকটি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহত যুবক শাহাদাত হোসেন পেশাদার একজন পেশাদার চোর। এরআগে পৃথক চুরির ঘটনায় একাধিকবার তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। চুরির ঘটনায় তার নামে থানায় একাধিক মামলাও রয়েছে।