জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচির আওতায় আগামী রবিবার ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সি ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ১১ লাখ ৯৭ হাজার ২২৮ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল বছরে দুইবার খাওয়াতে হয়। প্রথম রাউন্ড শেষ হলে পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন ‘এ’ প্লাস টিকা দেবে সরকার।
তিনি বলেন, আগামী ২৮ জুন সারা দেশে একযোগে এই ক্যাম্পেইন চলবে। বিভিন্ন টিকা কেন্দ্র ছাড়াও শিশুদের টিকা খাওয়ানোর জন্য লঞ্চঘাট, বাস টার্মিনালসহ মোবাইল ক্যাম্পেইন থাকবে আরও ৫০০টি। তবে কোনো শিশু যদি ওই দিন বাদ পড়ে, তবে পরের দিনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ক্যাপসুল খাওয়ানো যাবে। এ ছাড়া ১২টি জেলার ৫৮টি উপজেলার ১৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডের দুর্গম উপজেলায় ক্যাম্পেইনের পরের চার দিনও এই ক্যাপসুল বিতরণ করা হবে।
ক্যাম্পেইনের প্রস্তুতি তুলে ধরে ড. এমএ মুহিত বলেন, শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য দেশজুড়ে ১ লাখ ১০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।