ট্রাকচালক হত্যা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানি ২৬ জুলাই

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের জুলাই আন্দোলনের সময়  মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ জুলাই দিন ধার্য করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম শুনানির জন্য এদিন ধার্য করেন। এ দিন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়ে এ দিন ধার্য করে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় এ মামলাটি করেন। তদন্ত শেষে এসআই (উপপরিদর্শক) মো. আকরামুজ্জামান গত বছরের ২৩ মে শেখ  হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের মধ্যে ১০ জন জামিনে আছেন।

পলাতকদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাবেক সংসদ সদস্য সাদেক খান।