ফাঁসির দুই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের পক্ষে হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স ল ইয়ার) নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স ল ইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরও বলেন, ইতিমধ্যে এ মামলায় পেপারবুক (অধস্তন আদালতের রায়সহ যাবতীয় নথি) প্রস্তুত হয়েছে। আগামী সপ্তাহে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও জেল আপিলের ওপর শুনানি শুরু হতে পারে।

এর আগে গত ১৬ জুন দুই আসামির পক্ষে শুনানির রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

গত ১৪ জুন সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। গত ১০ জুন সোহেল ও স্বপ্না কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে জেল আপিল করেন।