৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদি আরবের

বিশ্বের কয়েকটি দেশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। ইবোলা আতঙ্কে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে সৌদি নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশও স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এই নিষেধাজ্ঞা শুধু সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে আসা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন।

দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়েকায়া’ জানিয়েছে, সংক্রামক ব্যাধির বিস্তার রোধে তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে মিলে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ তিন দেশের প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা ও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

তবে ওয়েকায়া আশ্বস্ত করেছে যে, সৌদি আরবের বর্তমান জনস্বাস্থ্য পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল এবং এখন পর্যন্ত সেখানে কোনো ইবোলা রোগী শনাক্ত হয়নি। আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সামনে এই সতর্কতামূলক ব্যবস্থা আরও হালনাগাদ করা হতে পারে বলেও জানানো হয়েছে।