মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর (ইকোনমিক করিডোর) গড়ে তোলার প্রস্তাব আবারও সামনে এনেছে বেইজিং। একই সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দরের আধুনিকায়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের জানান, দুই নেতার আলোচনায় যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ গুরুত্ব পেয়েছে। প্রস্তাবিত করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতির পরিসর বাড়ানো, বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি এবং বহুমুখী পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী করা।

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় আলোচিত একটি পরিকল্পনা। এর মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি সড়ক, রেল ও বাণিজ্যিক সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো, বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ হবে এবং পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে।

তবে করিডোরটির একটি অংশ মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার কারণে নিরাপত্তা ও বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জও রয়েছে।